রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি সেজে প্রতারক গ্রেপ্তার!

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ট্রু-কলার, জিমেইল ও হোয়াটস অ্যাপে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ছবি, নাম ও পদবী ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফ মাইনুদ্দিন (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র সদর দপ্তরে ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গত ২৬ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত আরিফ মাইনুদ্দিন নিজেকে পুলিশের আইজিপি পরিচয় দিয়ে এক্সিম ব্যাংক হেড অফিসে, অ্যাসোসিয়েশন ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডে এবং মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা কামরুল ইসলামকে হোয়াটস অ্যাপে ফোন করে। তাদের কাছে থেকে বিভিন্ন অনৈতিক ও আর্থিক সুবিধা নিতে আইজিপির পরিচয়ে ভয়ভীতি দেখায় সে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় একটি মামলা হয়।

যেভাবে প্রতারণা করত : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, জিমেইল, ট্রুকলার অ্যাপস, আইকন অ্যাপস ও হোয়াটস অ্যাপসে আইজিপির নাম, পদবী ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে মাইনুদ্দিন। মূলত বিয়ে বিষয়ক একটি ওয়েবসাইট চালায় সে। এর আড়ালে সে একটি মোবাইল নম্বারে বিশেষ এসব অ্যাপস ও প্রযুক্তির মাধ্যমে প্রতারণা করত । সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের একটি টিম অভিযান চালিয়ে আসামি আরিফ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।

ডিআইজি ইমাম হোসেন বলেন, আসামি জিমেইলে আইজিপি বেনজীর আহমেদের নামে একটি অ্যাকাউন্ট খোলে, এতে আইজিপির ছবি, নাম ও পদবী ব্যবহার করে। একইভাবে আইকম অ্যাপস ও ট্রুকলার অ্যাপস মোবাইলে ডাউনলোড দিয়ে আইজিপির নামে প্রোফাইল খোলে। এরপর তার ওই মোবাইল নম্বর থেকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ফোন দিতো। তারা ট্রুকলারে আইজিপির নাম ও ছবি দেখতে পেতো। এভাবে অভিযুক্ত ব্যক্তি তাদের কাছে অনৈতিক সুবিধা চাইতো।


আরোও অন্যান্য খবর
Paris