রাজশাহী নগরীতে জোড়া খুনের ১২ আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় একপক্ষের আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, জামাল, রফিক, মামুন ও সম্রাট। সাবেক বিএনপি নেতা শফিকুল ইসলাম (৪৫) হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে জোড়া খুনের দুই মামলায় গ্রেপ্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। গত শনিবার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ এদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। শফিকুল হত্যা মামলায় এর আগে মিঠু নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। রোববার সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ জুন দুপুরে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। অন্য আরেকজন হলেন নিহত শফিকুলের প্রতিপক্ষ গ্রুপের জয়নাল আবেদিন (৪৫)। এ ঘটনায় জয়নালের চাচা ও সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বাদী হয়ে মামলা করেন। অন্যদিকে শফিকুল ইসলামের স্ত্রীও বাদি হয়ে কামাল হোসেনসহ অন্যদের আসামি করে মামলা করেন।
জয়নাল হত্যা মামলাতেও আগেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী ও রাতুল। এ নিয়ে দুই খুনের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই খুনের ঘটনায় জড়িত কারও কারও নাম এজাহারে নেই। কিন্তু তদন্ত করতে গিয়ে এবং ভিডিও ফুটেজে এঁদের দেখা যাচ্ছে। সে রকম কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দুই মামলার পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
