এফএনএস : করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে ধরাশায়ী ক্ষমতাধর রাষ্ট্রগুলোও। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুহার কিছুতেই কমছে না। মহামারি রোধে গণটিকা কার্যক্রমেও পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ১৪২টি দেশে করোনার অতিসংক্রমক ডেল্টা ধরন পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন থাকলেও কমছে না করোনার সংক্রমণ। বৃহস্পতিবারও নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দু’জনের।
এদিকে, নিউজিল্যান্ড জানিয়েছে ২০২২ সাল থেকে কম ঝুঁকিপুর্ণ দেশগুলো থেকে ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে, তাদের টিকা সম্পন্ন করতে হবে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। নতুন শনাক্ত হয়েছে ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। সারা বিশ্বে মোট শনাক্ত ২০ কোটি ৬২ লাখের বেশি। এ ছাড়া বিশ্বে একদিনে মারা গেছেন আরও ১০ হাজার ২৯২ জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৪৮ হাজার ৮৬ জন।