বাগমারায় প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ উদ্বোধন
সাবাইহাট থেকে প্রতিনিধি : ‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সেমিনার কক্ষে ১০ জন সুবিধাভোগীর হাতে স্বল্প মুনাফায় প্রণোদনার চেক বিতরণের মাধ্যমে ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বাগমারা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা আনজুমান আরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা জালাল উদ্দীন সহ অন্যরা। উক্ত সভায় সুবিধাভোগী পল্লী উদ্যোক্তা, সংবাদকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চার শতাংশ লভ্যাংশে পল্লী উদ্যোক্তারা ঋণ সুবিধা পাবেন।
