বাগমারায় বিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিলের পানিতে ডুবে আমির হামজা (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজেও পায়নি।
সন্ধ্যায় বাড়ির পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করা হয়। ততোক্ষণে শিশু আমির হামজা মৃত্যুবরন করেছেন। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পর লাশ দাফনের অনুমতি দেয়।
শিশুর মা শিউলি বেগম জানান, বাড়িতে খেলা করা অবস্থায় আমির হামজা বাড়ির পাশের বিলের পানিতে ডুবে যেতে পারে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, শিশুটি বাড়ির পাশের পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়।
