পবায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। ‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ঋণ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি থেকে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ফয়েজ ই রাব্বী, রাজশাহী জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মিজানুর রহমান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা সামশুন্নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিআরডিবি’র উপ প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলামসহ ঋণগ্রহণকারি পল্লী উদ্যোক্তাগণ। জানা গেছে, দেশে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার বরাদ্দ হয়েছে তিনশো’ কোটি টাকা। যার মধ্যে রাজশাহী জেলায় পাঁচ কোটি ১২ লাখ এবং পবা উপজেলায় ৩০ লাখ ৩২ হাজার টাকা।
এদিকে রাজশাহীর পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি থেকে এসব ঢেউটিন বিতরণ করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) বিপুল কুমার মালাকারসহ উপকারভোগিরা। এ দিন ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
