এফএনএস : সাতক্ষীরায় জামাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে শাশুড়ি মোমেনা খাতুন (৫২) নিহত হয়েছেন। এ সময় তালাকপ্রাপ্তা স্ত্রী ফাতেমা খাতুন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক জামাই আবদুল মতিনকে গ্রেপ্তার করেছে। নিহত মোমেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
গোলাম হোসেন বলেন, ১৭ বছর আগে আমার মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসার উদ্দীনের ছেলে আবদুল মতিনের বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহে একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি বলেন, সম্প্রতি ফাতেমাকে আবারও বিয়ে করে বাড়িতে নিতে চাপ দেয় মতিন।
কিন্তু ফাতেমার মা পুনরায় বিয়ে দিতে রাজি ছিল না। এনিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার রাতে মতিন বাড়িতে আসে এবং গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে ঠেকাতে এলে মতিন তার শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করেন।
পরে মোমেনা মারা যান। অপরদিকে ফাতেমাকে আহত অবস্থায় বুশরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ঘাতক আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।