বাগমারায় বন্ধুর টাকা মেরে সপরিবারে উধাও
মচমইল থেকে সংবাদদাতা : দীর্ঘ ছয় বছর ধরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক। আলাদা ধর্মের হলেও তাঁদের সর্ম্পক বন্ধুত্বের। নিজেরা ধর্মকে বড় করে দেখেননি। দেখেছেন বন্ধুত্বকে। একসঙ্গে ব্যবসাও করেন তাঁরা। সেই সময়ের মধ্যে কোনো বিষয়ে সন্দেহ জন্মায়নি তাদের মাঝে। সে সর্ম্পক উভয়ের পরিবারের মধ্যে গড়ায়। তবে টাকার লোভে পড়ে বিশ^াস ভঙ্গ করে বন্ধুর সঙ্গে প্রতারণা করে পালিয়েছেন সন্তোষ কুমার সরকার (৪৮)।
ঘটনাটি রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামে। একই গ্রামের জিয়াউর রহমান (৩৭) এর সাথে বন্ধুত্ব হয় সন্তোষ কুমার সরকার। স্থানীয় লোকজন ও প্রতারিত ব্যক্তির পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, ভালো বন্ধুত্বে সূত্র ধরে চলতি বছরে তাঁরা যৌথভাবে আমের ব্যবসার সিদ্ধান্ত নেন। এজন্য জিয়াউর রহমান স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে ঋণ ও নিজের কাছে থাকা টাকা নিয়ে আমের ব্যবসা শুরু করেন।
প্রতারিত ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ব্যবসার সব তাঁর অংশীদার বন্ধু সন্তোষ কুমার সরকারের কাছে রাখা হয়। গত ১২ এপ্রিল ব্যবসা শেষে হিসাব নিকাশ করা হয়। এতে ১৩ লাখ টাকা পাওনা থাকে সন্তোষ কুমারের কাছে। গত ১৩ এপ্রিল পাওনা ১৩ লাখ টাকা তাঁকে পরিশোধের কথা বলেন। এজন্য তাঁকে সকালে বাড়িতে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সে মোতাবেক ওইদিন (মঙ্গলবার) সকালে তিনি বন্ধু সন্তোষ কুমার সরকারের কাছে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলতে পারেননি। নিরুপায়ে সকালে তাঁর বাড়িতে যান। তবে বাড়িতে গিয়ে তিনি অবাক হয়ে যান। তাঁর বাড়িঘরে তালা ঝুলতে দেখেন।
এদিকে প্রতিবেশিরা জানান, সকালে তাঁরাও বাড়িঘরে তালা ঝুলানো অবস্থায় দেখেছেন। রাতের বেলায় হয়ত বাড়িঘরে তালা ঝুলিয়ে স্ত্রী ও কলেজে পড়া এক ছেলেকে নিয়ে চলে গেছেন। টাকা আত্মসাতের জন্য তিনি স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপন করেছেন বলে তাঁর ধারণা। প্রতিবেশিরা আরো জানান, তাঁদের মধ্যে বন্ধুত্বে তাঁরা অবাক হয়েছিলেন। ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করেছিলেন তাঁরা। সন্তোষ কুমার এলাকার অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁদেরও পাওনা পরিশোধ না করে পালিয়ে গেছেন।
বন্ধুর প্রতারণার শিকার জিয়াউর রহমান প্রায় পাগল হয়ে গেছেন। সকালে বাগমারা প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের প্রতারিত হওয়ার কথা জানায় জিয়াউর রহমান। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, লাভের আশায় ঋণ নিয়ে ও জমানো টাকায় আমের ব্যবসা শুরু করেছিলেন। লাভও পেয়েছেন। তবে তা ভোগ করতে পারলেন না। বন্ধু হয়ে সন্তোষ কুমার সরকার এমন প্রতারণা করবেন তা ভাবতে পারেননি বলে মন্তব্য করেন।
তিনি সংশয় প্রকাশ করে বলেন, সন্তোষ কুমার সরকারের অন্য স্বজনেরা আগেই ভারতে চলে গেছেন। তিনিও পরিবার নিয়ে সেখানে চলে যেতে পারেন। এখন কীভাবে ঋণের কিস্তি টানবেন এবং নিজের সংসার চালাবেন এ নিয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার বিকেলে থানায় তিনি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সন্তোষ কুমারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বন্ধুর টাকা নিয়ে পালিয়েছে এ রকম অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থান গ্রহণ করা হবে।
