এফএনএস : গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মা খাদিজা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছেলে শাওন মিয়া (২৮)। গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের স্বামী আবদুস সাদেক বাদী হয়ে ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এর আগে, গত সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ধানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামে আবদুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশার টাকা চান। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাদিজা বেগমকে বেদম মারধর করেন। বাধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে শাওন।
স্থানীয়রা আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, এ ঘটনায় ছেলেকে আসামি করে বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।