সর্পদংশন-জলাতঙ্কর চিকিৎসা নেই পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে
পুঠিয়া সংবাদদাতা : পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ও কুকুর কামড়ানোর জলাতঙ্ক রোগের চিকিৎসা দেওয়া হয় না। এসব রোগের চিকিৎসা নেই এখানে। সাপে কাটা রোগীদের জন্য অ্যাণ্টি ভেনোম ইনজেকশন যেমন নেই এখানে তেমনি নেই জলাতঙ্ক রোগের কোনো ভ্যাক্সিন বা প্রতিষেধক। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাব্বির হোসেন বলেন প্রায় প্রতি সপ্তাহেই সাপে কাটা কিংবা কুকুর দ্বারা আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।
কিন্তু এখানে এ ধরনের রোগীদের চিকিৎসার কোনো ইনজেকশন বা ওষুধ নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে পাঠিয়ে দিই। রামেকে যেতে কিছুটা সময় লাগে। এ কারনে পথিমধ্যে অনেক রোগী মারাও যায়। আবার অনেকে কবিরাজ বা ওঝার কাছেও যান। তিনি আরও বলেন সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর বাড়ির কাজের মেয়ে খাদিজাকে সাপে কেটেছিল।
তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন জানান সর্পদংশন ও জলাতঙ্ক রোগের চিকিৎসার কোনো ব্যবস্থা আমাদের হাসপাতালে নেই। এ ধরনের রোগী আসলে তাদেরকে রামেক হাসপাতালে পাঠিয়ে দিই। তবে এ ধরনের রোগ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও সাবধান হতে হবে এমন পরামর্শ দেন তিনি।
