বাগমারায় ট্যাবলেট জাতীয় রাসায়নিক দিয়ে মাছ নিধন!
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় নরদাশ ইউনিয়নের কোলা বিল মৎস্যচাষ প্রকল্পে উৎকট বিষ জাতীয় রাসায়নিক ট্যাবলেট ছিঁটিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত আট ঘটিকার দিকে বিলে বিষ দেয়া হয়েছে বলে সূত্র জানায়। গতকাল শনিবার সকাল থেকে মরা মাছগুলো ভেসে ওঠতে থাকে।
বিলের জমির মালিক চন্ডিপুর গ্রামের মহসিন আলী, মনোপাড়া গ্রামের কফিল উদ্দীন বলেন, আমাদের জমিতে মাছ চাষের ফলে জমির রকম ভেদে আমরা শতাংশ প্রতি টাকা পাই এবং বিনামূল্যে সেচ সুবিধা পেয়ে থাকি। এভাবে বিষ প্রয়োগ করা হলে মৎস্যচাষীরা আগ্রহ হারাবেন। ক্ষতিগ্রস্থ হবেন এলাকার কৃষক। প্রকল্প সভাপতি হাসান আলী সরদার, সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, এতে তাঁদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
কেয়ারটেকার আব্দুর রাজ্জাক জানান, চন্ডিপুর গ্রামের শ্রী সষ্ঠীর ছেলে উৎপল কুমার এবং একই গ্রামের নাজিমের ছেলে মুন্জুর রহমান বিড়ি খেতে খেতে এসে বিষ জাতীয় কিছু ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীয় জনবল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
