ঘরেই খাবার পেল রাজশাহীর আরো ২৫ পরিবার
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর নগরীর আরো ২৫টি অসহায় পরিবারে খাবার পৌঁছে দিয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। গতকাল বুধবার সকাল থেকেই খাদ্য পৌঁছে দিতে শুরু করা হয়। অসহায় পরিবারগুলোর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসে রাজশাহী প্রেসক্লাব ও সংগঠনটির প্রতিনিধি দল। ঘরে বসে থেকেই খাবার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে পরিবারগুলো। তারা জানায়, এ রকম কার্যক্রম সময়োপযোগী এবং প্রশংসনীয়।
এ দুঃসময়ে অসহায়দের সহায়তায় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। এর আগে আরো ২৫ পরিবারে খাবার পৌঁছে দেয়া হয় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে। এ নিয়ে গত ক‘দিনে ৫০টি অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী। জনমুখী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান। তিনি বলেন, সর্বাত্মক লকডাউনের প্রভাব নিম্নবিত্ত পরিবারে লক্ষ্যনীয়। সেজন্যই এমন উদ্যোগ। পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
এদিকে বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকের বিশেষ উদ্যোগে নগরীর অসহায়-দরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা প্রদান করায় সাধুবাদ জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। বুধবার বিকেলে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে এ সাধুবাদ জানানো হয়।
