২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভাতিজার গুলিতে চাচা নিহত

প্রকাশিত: ১২ জুন ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ভাতিজার গুলিতে চাচা নিহত
বিজ্ঞাপন

এফএনএস : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাতিজার করা গুলিতে মাইকেল রোজারিও (৭২) নামের এক আমেরিকান প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) একনলা বন্দুক ও গুলিসহ রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের খ্রিস্টান পল্লীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সঙ্গে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিওর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। চাচা-ভাতিজা উভয়ই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দু’মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন।

এরপর গত শুক্রবার সন্ধ্যায় ৭টায় নিজ বাড়িতে এ বিষয়ে সালিস বসে। সেখানে দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধের অবসান হলেও রাত ১২টার দিকে গেনেট মাইকেল রোজারিওকে গুলি করে হত্যা করেন। পরে আহত অবস্থায় রোজারিওকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের বিরোধের সমাধান করি।

কিন্তু রাত ১২টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায়, গেনেট চাচাকে গুলি করে হত্যা করেছে। সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরেই হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যায় ব্যবহৃত একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ গেনেটকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন