রাবি সংবাদদাতা : করোনার টিকাদান কর্মসূচিতে নাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্ধেকেরও কম শিক্ষার্থী। গত মঙ্গলবার পর্যন্ত মাত্র ১৫ হাজার শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ও নম্বর জমা দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ২৪ মের মধ্যে শিক্ষার্থীদের তথ্যগুলো জমা দিতে বলা হয়। তবে অনেক শিক্ষার্থী এখনও তথ্য জমা দেননি।
এদের মধ্যে অনেকের এনআইডি নেই। আবার কেউ কেউ ফ্রন্টলাইনার হিসেবে টিকা গ্রহণ করেছে। তবে সেই সংখ্যাটি সর্বোমোট ২০ শতাংশ হতে পারে। তিনি আরও বলেন, প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১৫ হাজার শিক্ষার্থী তথ্য জমা দিয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত যেসব শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে, সেগুলো পাঠিয়ে দেয়া হবে।
তবে তথ্য জমা দেয়ার লিংকটি খোলা রাখা হবে। তথ্য জমা দেয়া যাবে এ সাইটে https://sites.ru.ac.bd/studentnid/login.php| এ সাইটে নিজ নিজ এনআইডি কার্ডের কপি আপলোড করতে হবে। এ ছাড়া যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের নম্বরের পাশাপাশি ছবিও দিতে হবে। এরআগে গত ১০ মে কোভিডের টিকাদান কর্মসূচিতে নাম দেয়ার জন্য ২৪ মের মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর জমা দিতে বলা হয়।