২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
বিজ্ঞাপন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানেহ ইয়েহুদা বাজারের পাশ দিয়ে তার গাড়িবহর যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই দিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপন করা হচ্ছিল। গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে লাইট রেল পরিষেবা বন্ধ রাখা হয়। তবে বোতল নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার তেল আবিবের হাটিকভা বাজার পরিদর্শনের পর নেতানিয়াহু জেরুজালেমের মাহানেহ ইয়েহুদা বাজারে যান। সেখানে তার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল। ওই সময় তার গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল ছোড়ার পর সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে তৎপর হন নিরাপত্তাকর্মীরা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা দ্রুত ব্যারিকেড পার হয়ে ভিড়ের মধ্যে তল্লাশি শুরু করেন। তবে গাড়িবহরের চলাচল স্বাভাবিক ছিল। পরে জেরুজালেমের মাহানেহ ইয়েহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের গান ও উৎসবমুখর পরিবেশে স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার রাতে নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়েছিল। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত লোকজন ইসরায়েলের লিকুদ দলের পতাকার পাশাপাশি ইরানের সিংহ ও সূর্য প্রতীকযুক্ত পতাকা ওড়াচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফুলের তোড়া নাড়াতে দেখা যায়। পরে তিনি তোড়াটি সমবেত জনতার দিকে ছুড়ে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি ও এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। বামপন্থীদের উদ্দেশে তিনি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাতে গিয়ে জেরুজালেমের মাহানেহ ইয়েহুদা বাজারে হেনস্তার শিকার হয়েছেন নিহত ও সাবেক জিম্মিদের স্বজনেরা। তাদের অভিযোগ, বাজারে উপস্থিত কয়েকজন তাদের অপমান করেন, ধাক্কা দেন এবং তাদের দিকে সবজি ছুড়ে মারেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গাতের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতাদের জবাবদিহি নিশ্চিত করতে তারা সেখানে গিয়েছিলেন। তাদের মতে, ওই সময় দায়িত্বে থাকা নেতাদের সরকার থেকে পদত্যাগ করা উচিত। আইনাভ জাঙ্গাউকার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, তাদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘রাষ্ট্রের শত্রু’ বলে অপমান করা হয়। এ ছাড়া ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করার সময় এক ব্যক্তির হাত থেকে ফোন ফেলে দেওয়া হয় এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। জাঙ্গাউকারের অভিযোগ, পুলিশ তাদের সরিয়ে দেয়, যাতে তারা জিম্মিদের স্বজন হিসেবে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে না পারেন। তবে এ ঘটনার সময় নেতানিয়াহু ওই বাজারে উপস্থিত ছিলেন না।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন