মান্দায় শেখ হাসিনার ফেরার প্রচারে মাইকিং, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন দাবি করে মাইকিং চালানোর অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) ও নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মো. আব্দুল জলিল সরকার (৫০)। তাদের মধ্যে শহিদুল ইসলাম শহীদ কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা চালানো হয়। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম ও বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। এরপর আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করা হয়। এ সময় দলমত-নির্বিশেষে সবাইকে শেখ হাসিনাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। মাইকিংয়ের শেষদিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেওয়া হয়। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের ভিডিওটি নজরে আসার পর জেলা পুলিশ ও মান্দা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে প্রচারণায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী কিংবা সমর্থকেরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মান্দা থানার ওসি আফজাল হোসেন জানান, আটক দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
