সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন দাবি

Paris
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এফএনএস : মেডিকেল ভর্তি পরীক্ষার উত্তরপত্র স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই, উত্তরপত্র স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি আকারে প্রকাশ এবং প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় মেধাক্রম প্রকাশের দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক এস এম রাসেল সিদ্দিকী বলেন, সহস্রাধিক পরীক্ষার্থী যে নম্বর প্রত্যাশা করেছিলেন তার চেয়ে প্রাপ্ত ফলাফলে রয়েছে ব্যাপক ব্যবধান। তিনি বলেন, পরীক্ষার্থীদের অনুমিত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের ব্যবধান ৩ থেকে ৫ নম্বর হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তা কখনোই ১৫-২০ হওয়ার প্রশ্নই আসে না।

এ বিষয়টি নিয়ে অনেকেই বিরোধিতা করেছেন এবং বলেছেন যে, এটা পরীক্ষার্থীর ভুল, তাই এটা বড় কোনো বিষয় না। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই মুখপাত্র বলেন, এ বছর প্রশ্ন প্রণয়নেও অসঙ্গতি দেখা গিয়েছে। যেখানে তিনটি প্রশ্নের সঠিক উত্তর নেই এবং দুটি প্রশ্নের একাধিক সঠিক উত্তর। এটা প্রশ্নপত্র প্রণয়নের কোন নীতিমালার অধীনে পড়ে তা আমরা জানতে চাই। শিক্ষার্থীরা কয়েকটি অসঙ্গতি তুলে ধরে বলেন, মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় দ্বিতীয়বার আবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে নিয়ম অনুযায়ী ৭ দশমিক ৫ নম্বর কাটা যাওয়ার কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে তা হয়নি। শুধুমাত্র ৫ নম্বর কেটে ২ দশমিক ৫ নম্বর বেশি দিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এছাড়া, ‘উপজাতি’ কোটায় দুর্নীতি নিয়ে উপজাতি পরিষদ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বলেও জানান তিনি। তারা বলেন, এ বিষয়ে আমরা প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারক লিপি দেই। এ ব্যাপারে তাদের কোনো মতামত পাওয়া যায়নি। আমরা তথ্য অধিকার আইনে পরীক্ষার্থীর নিজের প্রশ্নের উত্তরমালা চেয়ে আবেদন করলেও তারা কোনো সাড়াই দেননি। এরপর গত ১১ মে, ২৪৮ জন পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী ইমেইল ও কুরিয়ার করে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris