৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ থেকে চলবে গণপরিবহন, বন্ধ থাকবে দূরপাল্লার বাস-ট্রেন

প্রকাশিত: ৬ মে ২০২১, ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আজ থেকে চলবে গণপরিবহন, বন্ধ থাকবে দূরপাল্লার বাস-ট্রেন
বিজ্ঞাপন

এফএনএস : চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে আগের মতোই রেল ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে, বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন তথা দুরপাল্লার বাস। তবে গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের শর্তে জেলার মধ্যে বাস বা গণপরিবহন চলাচল করতে পারবে। লকডাউনের মেয়াদ বাড়িয়ে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে বুধবারের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। উল্লেখ্য, ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে। তবে জেলার মধ্যে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোনো সময় বেধে দেয়া হয়নি প্রজ্ঞাপনে। জেলার মধ্যে বাস চলাচল এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে এদিকে ঢাকা মহানগরসহ সব জেলা শহরে বৃহস্পতিবার সকাল থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল বুধবার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনার মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠতে পারবেন না এবং গাড়ির স্টাফদের জন্য মালিককে মাস্ক সরবরাহ করতে হবে। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে ১ জন যাত্রী বসবে। এ ছাড়া লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছে। এ ক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে গাড়ি থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে পারবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন