৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৩ মে ২০২১, ৭:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় করোনায় একজনের মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম জয়নাল আবেদিন (৫২)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন। রোববার ২ মে, দুপুরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসার পরেও তিনি সুস্থ না হলে গত ২০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। ওই দিনই তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষয়টি তাঁকে মুঠোফোনে জানানো হয়। বাড়িতে অবস্থান ও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের জন্য বলা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। স্বাস্থ্য কমপ্লেক্সের পরামর্শে সে থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। আগামি মঙ্গলবার (৪ মে) তাঁর দ্বিতীয় দফা নমুনা দেওয়ার কথা ছিল। এর মধ্যে শনিবার (১মে) থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। শারীরিক অবস্থারও অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়া অবস্থায় আজ রোববার দুপুরে তিনি মারা যান। নিহত ব্যক্তির জামাতা ইসমাইল হোসেন বলেন, করোনা পজিটিভ হওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তবে শনিবার থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। এর আগে তাঁর শ্বাসকষ্ট ছিল না। বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, জয়নাল আবেদিনের করোনাপজিটিভ প্রতিবেদন আসার পর বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছিল। মেডিকেল টিম বাড়িতেই নিয়মিত চিকিৎসা দিচ্ছিল। জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাগমারার প্রথম রোগী বলে জানান। তিনি বলেন, করোনারোগীর মারা যাওয়া ও লাশ দাফনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন