৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১০১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯২২

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ৯:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় ২৪ ঘন্টায় ১০১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯২২
বিজ্ঞাপন

এফএনএস : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯২২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে চার হাজার ৩০১ জন। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন করোনা থেকে সুস্থ হলো। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫০টি ল্যাবে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৪৪৮টি। ২৪ ঘণ্টায় নতুন ১০১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ৪৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ১২০ জন ও নারী দুই হাজার ৯৩৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন ও ষাটোর্ধ্ব ৬৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সরকারি হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতালে ৩২ জন মারা গেছেন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন