এফএনএস : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শ্রী কৃষ্ণ চন্দ্র (৩৪) নামে এক ব্যক্তি। গতকাল রোববার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দাফাদার টুলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। শ্রী কৃষ্ণ চন্দ্র উপজেলার ভানোর ইউনিয়নের দাফাদার টুলি এলাকার খাটাসু চন্দ্রের ছেলে। শ্রী কৃষ্ণের স্ত্রী ও মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রী কৃষ্ণর স্ত্রী রাধিকা রাণী বাড়ির পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় তার স্বামী শ্রী কৃষ্ণ তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এদিকে ছেলে ও ছেলের বৌকে বিদ্যুতায়িত হতে দেখে তাদের বাঁচাতে গিয়ে মা বিমলা রাণীও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের তিন জনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শ্রী কৃষ্ণকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত রাধিকা ও বিমলা রাণীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর নিয়ে যাওয়া হয়েছে।