পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় আপন ইসলাম (১১) নামের এক কিশোরের রহস্যময় লাশ উদ্ধার করেছেন গ্রামবাসী। এটা পূর্বপরিকল্পিত হত্যা না আত্নহত্যা তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে জল্পনা-কল্পনা। খবর পেয়ে পুলিশ নিহত ওই কিশোরের লাশ উদ্ধার করেছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড় সেনভাগ গ্রামে নিহতের ফুফুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আপন ইসলাম কান্দ্রা গ্রামের মৃত মইদুল ইসলামের ছেলে ও বড় সেনভাগ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদশীরা বলেন, নিহত আপন ইসলামের পিতা গত কয়েক বছর আগে মারা যায়। তার পরিবারের অসচ্ছলতার কারণে দু’বছর থেকে সে ফুফুর বাড়িতে কাজের পাশাপাশি স্কুলে পড়াশুনা করতো। আজ সকাল ১০টার দিকেও তাকে কাজ করতে দেখা গেছে। আর সাড়ে ১১ টার দিকে ফুফুর বাড়ির পাশে একটি আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় প্রতিবেশীরা।
তারা আরো বলেন, আপনের গলায় দড়ি লাগানো অবস্থায় পড়ে ছিল। প্রাথমিক ভাবে শরীরের কোথাও আঘাতের তেমন কোনো চিহ্ন ছিল না। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছেন। আর ওই কিশোরের মৃত্যুর কারণ উৎঘাটনে পুলিশ এখনো প্রাথমিক তদন্ত করছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলেই মুল বিষয়টি জানা যাবে।