স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৬ জন। ৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ জন ও বাড়িতে চার জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় আরও ছয় হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৩৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৪ জনের মধ্য বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব ছয় জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষার্টর্ধ্ব ৪৬ জন। বিভাগ ভিত্তিক হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় সাত জন, বরিশালে চার জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এরমধ্যে আইসিইউতে একজন এবং ২৯ ও ৩০নং করোনা ওয়ার্ডে মারা যান চারজন বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। মৃতরা হলেন, আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আব্দুল কুদ্দুস (৭৩), আব্দুল মালেক (৬৮), শরিফুল ইসলাম (৭২)। ডা. সাইফুল ফেরদৌস বলেন, যে পাঁচজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আটজনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জনের। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৪১ জন, নওগাঁ দুইজন, নাটোর ১৯ জন, জয়পুরহাট তিনজন, বগুড়া ৯১ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ১৭ জন। একই সময় বগুড়ায় একজন ও পাবনায় একজন করোনা আক্রান্তে মারা যান।