৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিনতাই মামলার আসামীর আত্মহত্যার চেষ্টা!

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিনতাই মামলার আসামীর আত্মহত্যার চেষ্টা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে থাকা রবিন নামের এক আসামি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিন নগরীর লক্ষ্মীপুরে রাজশাহী মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে হারপিক পান করেন। মো. রবিন (২৩) ছিনতাই মামলার আসামী। নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম মৃত মোস্তফা।

ডিবির উপ-কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন সাংবাদিকদের জানান, গত শনিবার নগরীর মহিষবাথান এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিনসহ চারজন ছিনতাইকারী ছুরি ধরে রওশন আরা বেগম নামে এক নারী ও তার ছেলের কাছ থেকে একটি স্মার্টফোন এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রওশন আরা ডিবি পুলিশে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ছিনিয়ে নিয়ে যাওয়া ফোনটির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে ফোনসহ রবিনকে আটক করে। এরপর তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

পরে আসামিকে আদালতে নেয়ার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। তখন তিনি শৌচাগারে যেতে চান। একজন পুলিশ সদস্য তাকে শৌচাগারে নিয়ে যান। কয়েক মিনিট পর রবিন শৌচাগার থেকে বেরিয়ে আসেন। এরপর হাজতে অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি পুলিশকে জানান যে, শৌচাগারে তিনি হারপিক পান করেছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডিসি আবু আহাম্মদ আল মামুন আরো জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল বলে চিকিৎসক জানিয়েছেন। সুস্থ হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আসামি রবিনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় আরো ছয়টি মামলা আছে বলে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন