২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বৃদ্ধার মাথা থেকে বের করা হলো ৬০টি পোকা!

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বৃদ্ধার মাথা থেকে বের করা হলো ৬০টি পোকা!
বিজ্ঞাপন

এফএনএস : বরিশালে এক বৃদ্ধার নাক থেকে ৩ দিনের ব্যবধানে ৬০টি জীবন্ত পোকা বের করা হয়েছে। তার মাথার মধ্যে আরও পোকা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক খান আবদুর রউফ। ওই বৃদ্ধার নাম কুমুদিনী বালা (৯৫)। তিনি পটুয়াখালী সদর উপজেলার কাকড়াবুনিয়া এলাকার মৃত অমূল্য চন্দ্র হালদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত থাকার কারণে দুই হাত নাড়াচাড়া না করায় পোকা তার নাক অথবা কান দিয়ে প্রবেশ করে বাসা বেধে সেখানে ডিম পেড়েছে। কুমুদিনী নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বেসরকারি ক্লিনিক রয়েল সিটি হাসপাতালের চার তলার ৪০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন।

কুমুদিনীর ছেলে মন্টু হালদার জানান, ২৭ মার্চ সকালে আকস্মিকভাবে তার মায়ের নাক থেকে একটি পোকা বের হতে দেখেন। এরপর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলে তারা ইএনটি চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। ওই পরামর্শ অনুযায়ী চিকিৎসক আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করে ক্লিনিকে ভর্তি করেন। ওই দিন থেকে ২৯ মার্চ পর্যন্ত তার মায়ের নাক থেকে ৬০টি জীবিত পোকা বের করে দেখান চিকিৎসক। সর্বশেষ সোমবার বের করা হয় ২০টি পোকা। চিকিৎসক জানিয়েছেন মায়ের মাথার ভেতর পোকা বাসা বেঁধেছে এবং সেখানে ডিম পেড়ে বাচ্চা দিয়েছে।

তিনি বলেন, আমার মা আগের চেয়ে অনেকটা ভালো। এখনও আরও কিছুদিন ক্লিনিকে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক। তার ধারণা আমার মায়ের মাথায় আরও পোকা রয়েছে। ইএনটি বিশেষজ্ঞ খান আবদুর রউফ বলেন, নাক, চোখ ও কপালের অভ্যন্তরে একাংশে ফাঁকা জায়গা থাকে। কোনওভাবে পোকা সেখানে প্রবেশ করে খালি স্থানে বাসা বাঁধে। সেখানে ডিম পাড়ে। পরে সেই ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু করে। কুমুদিনী বালার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এ রোগের নাম হচ্ছে ‘ম্যাগোট ইন দ্যা নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাস’।

চিকিৎসকের ধারণা কুমুদিনী বেশ কয়েক বছর ধেরে প্যারালাইসিসের কারণে দুই হাত নাড়াচাড়া করতে পারেন না। সেই সুযোগে পোকা তার নাক অথবা কান দিয়ে প্রবেশ করে খালি স্থানগুলোতে বাসা বেঁধেছে। তবে মাথার মধ্যে আরও পোকা থাকার সম্ভাবনা রয়েছে। নাক ও ভেতরের অংশ আরও কয়েক বার ওয়াশ করার প্রয়োজন হতে পারে। সব পোকা বের করা হলে সিটিস্ক্যান করে দেখা হবে। এরপর পোকার বাসাটি নির্ণয় করার পর ওষুধ দিয়ে ধ্বংস করা হবে। আশা করছি আর ৫ থেকে ৭ দিনের চিকিৎসায় কুমুদিনী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন