‘নৌকা পাগল’ গোলাম রসুল
নওগাঁ প্রতিনিধি : নৌকা পাগল গোলাম রসুল (৫০)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবেসে সারা শরীরে শতাধিক নৌকা লাগিয়ে ঘুরে বেড়ান তিনি। সঙ্গে বক্সে বাজান বঙ্গবন্ধুর ভাষণ। এতে যেমন নিজে আনন্দ পান এবং অন্যদেরও আনন্দ দেন। বুধবার (১৭ মার্চ) অদ্ভুত সাজে সেজে সারা শরীর, মুখ ও মাথায় নৌকা মুকুট লাগিয়ে বাড়ি থেকে ২২ কিলোমিটার দুরে সাইকেল চালিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। তার ইচ্ছা- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার তৈরী একটা ডিজিটাল মাস্ক উপহার দেয়া। গোলাম রসুলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলা উত্তর কুচরা বাদলঘাটা গ্রামে।
বঙ্গবন্ধু পাগল গোলাম রসুল বলেন, তার বয়স যখন ১০ বছর তখন বাবার (মৃত দবির উদ্দিন) কাছে বঙ্গবন্ধুর বিষয়ে শুনেছিলেন। বঙ্গবন্ধু একজন ভাল মানুষ ছিলেন জেনে তাঁর প্রতি ভালবাসা বেড়ে যায়। পেশায় একজন রিকশা চালক। ঢাকাসহ বিভিন্ন জেলায় জীবিকার তাগিদে রিকশা চালান। নিজে লেখাপড়া না শিখলেও দুই ছেলেকে কষ্ট করে পড়াশুনা করাচ্ছেন। বড় ছেলে এবার এইচএসসি ও ছোট ছেলে এসএসসি পাশ করেছে।
তিনি বলেন, ছোট বেলা থেকেই কাগজের নৌকা শরীরে লাগিয়ে ঘুরে বেড়ান। তবে কয়েক বছর থেকে রিসকিন, সেলুলাইট, স্ট্যাপলার/পিন ও মার্কার কলম দিয়ে নিজেই ছোট ছোট নৌকা তৈরী করেন। ১০০ পদের নৌকা তৈরী করতে পারেন। গায়ে শতাধিক নৌকা নিয়ে জেলার ৬টি আসনের ঘুরে প্রচারনা করেছেন। সেই সঙ্গে বক্সে বঙ্গবন্ধুর ভাষণও চলে। প্রতিটি নৌকার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এর ছবি লাগানো থাকে।
সরকার কোটি কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করেছে। আর আমি সাইকেল চালিয়ে বাড়ি থেকে ২২ কিলোমিটার দুরে রাজশাহী তানোর উপজেলার দেবীপুর গ্রামে আলুক্ষেতে দূর্ঘটনায় পড়ে থাকা প্রশিক্ষণ বিমানে গিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করেছি। গোলাম রসুল বলেন, আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই। তবে আমার স্বপ্ন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে নৌকার তৈরী একটা ডিজিটাল মাস্ক উপহার দিতে চাই।’
