দেশের যেকোনো সংকটকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র তৈরি করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা খেয়াল করছি, বিগত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে পুঁজি করে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময়ে একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করেছিল। এখন সেই গুপ্তদের ভেতরে কি স্বৈরাচাররা লুকিয়ে থেকে এই অরাজকতাকে উসকে দিতে চাইছে? যারা বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে অরাজকতা তৈরি করতে চান, তাদের পরিষ্কারভাবে বলতে চাই-দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখব। কিন্তু কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইনে বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থাকা দরকার। জ্বালানি সংকট ও বিদ্যুতের দুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা ইনহেরিট করেছি। বিদ্যুতের কষ্টে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে দলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমরা শুধু এক্সকিউজ দিতে চাই না। ভবিষ্যতে যাতে এই সংকট আর না হয়, সেভাবেই সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কষ্ট দিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক হতে হবে। আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যাতে দলকে বিব্রত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। আজকের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও শপথ। এ সময় তিনি বিগতফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম হওয়া ও আহত হাজারো নেতাকর্মীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলটি ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে।-এফএনএস
