চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবাই মেয়ে শিশু এবং তাদের মধ্যে দুই পরিবারের চারজন আপন বোন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার মরা পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতরা হলো, চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মায় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তির বিষয়টি নজরে এলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালিয়ে পাঁচ শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। চর দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহিদুল আলম বিশ্বাস পলাশ পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একসঙ্গে পাঁচ শিশু গোসল করতে নেমেছিল। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পাঁচ শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে চর চাকলা ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
