দেশসেরা ক্রীকেটার নির্বাচিত হওয়ায় প্রশংসায় ভাসছে নাচোলের শামীম
নাচোল থেকে প্রতিনিধি : নতুনকুঁড়ি-২০২৬ ক্রীড়া প্রতিযোগিতার ক্রীকেট ইভেন্টে অনুর্ধ ১৪ দলে জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ভ্যানচালকের ছেলে (ম্যান অব দা টুর্নামেন্ট) দেশ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ শেষে নাচোলে পৌঁছিলে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নাচোলের গর্ব শামীমকে নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর প্রধান সমন্বয়কারি ও খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যলয়ের সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম তুষার, নাচোল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তৌহিদুল ইসলাম শাহিন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শামীমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, ভ্যানচালকের ছেলে শামীম চলতি মৌসুমে নতুনকুঁড়ি-২০২৬ বাছায় পর্বে অনুর্ধ ১৪ দলের ক্রীকেট ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। শেষে জাতীয় পর্যায়ে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ কৃতিত্বের জন্য ম্যান অব দা টুর্নামেন্ট(দেশ সেরা) ক্রীকেটারের কৃতিত্ব অর্জন করে শামীম। কৃতি ক্রীকেটার শামীমের গর্বিত পিতা ভ্যানচালক সাইদুর রহমান ও মা ইয়াসমীন খাতুন জানান, বড় ছেলে শাহিন আলম এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ২য় সন্তান শামীম মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। তৃতীয় মেয়ে শামিমা আক্তার ৪র্থ শ্রেণীতে ও ছোট্ট মেয়ে শিশু শ্রেণীতে লেখাপড়া করছে। ছয় জনের অভাবী সংসারে আজ শামীমের অনন্য কৃতিত্বে আনন্দের জোয়ার বইছে তার পরিবারে। শামীমের পিতা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। এদিকে নাচোলের গর্ব শামীমকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি চলছে।
