২৭ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়, জাতীয় খবর
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি, থানায় অভিযোগ
বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২২টি কম্পিউটার থেকে হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের এক অফিস সহায়ককে অভিযুক্ত করে শাহবাগ থানায় অভিযোগ করেছেন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। গত রোববার মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলায় থাকা বিভিন্ন কক্ষ থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া প্রসেসর, র্যাম, একটি প্রিন্টার, কাপ-পিরিচসহ আরও কিছু মালামালও চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহাবুব হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিভাগের বিভিন্ন কক্ষের চাবি তাঁর কাছে সংরক্ষিত থাকত। শাহবাগ থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, ১৪ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট এবং ২৩ জুলাই রাত ৮টার দিকে বিভাগের বিভিন্ন কক্ষ থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, প্রসেসর, র্যাম ও একটি প্রিন্টারসহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যাওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে কম্পিউটারগুলো থেকে হার্ডডিস্ক ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “কীভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।” তবে এ ঘটনায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, একজন অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন