মোহনগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে রবিবার ( ১৯ জুলাই) সকালে। আহত শিক্ষার্থী পরীক্ষার্থী ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালক এবং হেলপার পলাতক। উপজেলার অভ্যাগত পাড়া গ্রামের অটোচালক গোলাম হোসেনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো ৬ জন ছাত্র-ছাত্রী মারাত্মক আহত হয়েছেন। ছয় জন ছাত্রছাত্রীদের মধ্যে আহতরা হলেন, বানাইপুর গ্রামের ইসরাত জাহান, দামনাশের নাসরিন আক্তার, তেবাড়িয়া গ্রামের ইসমত আরা কেয়া, কানাই শহর গ্রামের জান্নাতুন খাতুন, বিগো পাড়া গ্রামের আম্বিয়া খাতুন, হাট গাঙ্গোপাড়া গ্রামের ইকবাল হোসেন। আহত শিক্ষার্থীরা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে আহত শিক্ষার্থীদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। এই সড়ক দুর্ঘটনায় এলাকায় অন্যান্য শিক্ষার্থী পরীক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বাগমারা উপজেলার বিভিন্ন সড়কে অনিয়ন্ত্রিতভাবে অটো গাড়ি ও ভ্যান গাড়ি বেপরোয়াভাবে চলাচল করছে যার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী সাধারণ। অটো ও ভ্যান গাড়ি চালকের নেই কোন প্রশিক্ষণ যার ফলেই সড়ক দুর্ঘটনার মাত্রা প্রতিদিন বাড়ছে। সেই সাথে উপজেলার ছোট বড় সড়কগুলোয় ট্রাক ড্রাইভাররা বেপরোয়াভাবে তাদের ট্রাক লোড আনলোড ট্রাক যাতায়াত করে থাকে বেপরোয়া গতিতে।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”