স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ১০ জিলহজ ১৪৪৭ হিজরি(২৮ মে) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিন পবিত্র ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পশু কোরবানি করেন। দিনটি উপলক্ষে প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।