দীর্ঘদিন থমকে থাকা রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় এসেছে উল্লেখ্যযোগ্য পরিবর্তন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের গতিশীল নেতৃত্বে পরিকল্পিত উদ্যোগ, কার্যকর পদক্ষেপ ও জনবান্ধব প্রশাসনের সমন্বয়ে নগরজুড়ে দৃশ্যমান হয়েছে উন্নয়নের ছোঁয়া। অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিতকরণ, মশক নিধন, ড্রেন পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনদুর্ভোগ নিরসনে নেওয়া হচ্ছে ধারাবাহিক উদ্যোগ, যার সুফল পাচ্ছেন নগরবাসী। সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, আধুনিক ও উন্নত নতুন রাজশাহী বিনির্মাণের প্রত্যয়ে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
জানা গেছে, তৃণমূল থেকে বেড়ে ওঠা রাজনৈতিক নেতৃত্ব, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনকে গত ১৪ মার্চ ২০২৬ এক প্রজ্ঞাপনে রাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের মাধ্যমে শুরু হয় তাঁর নতুন পথচলা। ১৬ মার্চ নগর ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই উন্নয়ন ও নাগরিক সেবায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ শুভেচ্ছা : দায়িত্ব গ্রহণের পরদিনই ১৭ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার করে টাকা বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। যা স্থাপন করে সিটি কর্পোরেশনের ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত।
দাপ্তরিক শৃঙ্খলা ফিরে আনা : নগর ভবনে দাপ্তরিক শৃঙ্খলা ফিরে আনা, সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি ও নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন রাসিক প্রশাসক। প্রতিদিন সকাল ৯টার পূর্বেই রাসিক প্রশাসক নগর ভবনে এসে কর্মকর্তা-কর্মচারীদের দিচ্ছেন দিক-নির্দেশনা। সকল বিভাগ ও শাখার সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিচ্ছেন অনুপ্রেরণা স্বল্প সময়ে নগর ভবনে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য, নাগরিক সেবায় এসেছে গতি।
রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা : রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর -২০২৬ উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশনে সাত দিনব্যাপী যাত্রী সহায়তা সেবা প্রদান করা হয়, যা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ৩টি শিফটে ২৪ ঘন্টা ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক যাত্রীদের ল্যাগেজ ও আসবাবপত্র বহনসহ অন্যান্য সহযোগিতায় নিয়োজিত ছিল।
পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক : রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নগরীর ৩০টি ওয়ার্ডে জোরদার করা হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। ইতোমধ্যে পরিচালিত হয়েছে ১৫ দিনব্যাপী ফগার স্প্রে ক্র্যাশ প্রোগ্রাম। প্রতিটি ওয়ার্ডে ড্রেনের কাদামাটি উত্তোলন, ড্রেনে লার্ভিসাইড স্প্রে ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে জোরেসোরে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। নতুনভাবে ক্রয় করা হচ্ছে মশার কীটনাশক ও ফগার মেশিন।
মতবিনিময় : গত ২৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি রাজশাহী সিটি কর্পোরেশনে আগমন করেন। নগর ভবনের রাসিক প্রশাসকের মাহফুজুর রহমান রিটনের দাবির প্রেক্ষিতে রাজশাহী নগরীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সহযোগী সংস্থার সাথে সমন্বয় : নাগরিক সেবা সুনিশ্চিত ও উন্নয়ন কাজে গতি আনতে জেলা প্রশাসন, আরডিএ, আরএমপি, রাজশাহী ওয়াসা, রামেক হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দপ্তর সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বৈঠকে সম্মিলিতভাবে রাজশাহী নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উন্নয়ন কাজে এসেছে গতি : দীর্ঘদিন ধরে থমকে থাকা নগরীর বিভিন্ন উন্নয়ন কাজে নতুন গতি ফিরে এসেছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের গতিশীল নেতৃত্বে নগরজুড়ে উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান হয়ে উঠছে। গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার, রাস্তা সংস্কার ও নাগরিক সেবা সচল করতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন রাসিক প্রশাসক। চলমান বিভিন্ন উন্নয়ন সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দিচ্ছেন তিনি।
নগরীর চলমান ফ্লাইওভার নির্মাণ কাজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসকের নির্দেশে এখন নগরীর অবকাঠামো উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। দীর্ঘদিন বন্ধ থাকা নগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ বড় মসজিদ মোড় হতে বর্ণালী পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া নগরীর রেলক্রসিং ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজেও এসেছে গতি। একইসঙ্গে শালবাগান কাঁচাবাজার, ভদ্রা কাঁচাবাজার ও নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণ, লক্ষ্মীপুর এলাকায় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরীণ উন্নয়ন কাজও বর্তমানে চলমান রয়েছে। এদিকে ২৮ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকায় ফোরলেন সড়কের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ চলছে। ওয়ার্ড পর্যায়ে ড্রেন, রাস্তা ও ফুটপাত নির্মাণ কাজও চলছে সমানতালে। ঐতিহ্য সংরক্ষণে নগর ভবন সংলগ্ন দড়িখরবোনা রেলক্রসিংয়ে স্থাপন করা হয়েছে ঢোপকল।
ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত : রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশে নগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামত কাজ শুরু হয়েছে। নাগরিক ভোগান্তি দূর করতে রাসিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়নে গত ৩ মে থেকে শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ পর্যায়ক্রমে নগরজুড়ে কাজ হচ্ছে।
উদ্যান সাজানোর উদ্যোগ : রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কেন্দ্রীয় উদ্যানের অভ্যন্তরে সংযোজন করা হবে ওয়াচ টাওয়ার, চিলড্রেন প্লে-জোন, ইভেন্ট টেন্ট ও ঝুলন্ত ব্রিজ। কেন্দ্রীয় উদ্যানের অভ্যন্তরে দৃষ্টিনন্দন মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
দৃষ্টিনন্দন ফোয়ারা : রাজশাহী হাইটেক পার্কের সামনে গুলজারবাগ লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুলজারবাগ লেকের উন্নয়ন ও ফোয়ারা স্থাপনের মাধ্যমে অত্র এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হবে। এছাড়া ভদ্রা লেকেও স্থাপন করা হবে দৃষ্টিনন্দন ফোয়ারা।
নাগরিক ভোগান্তি দূরীকরণ : নাগরিক ভোগান্তি রোধে তৎপর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়, খবর পেলেই দিচ্ছেন তাৎক্ষণিক সমাধান। সাত দিনের আলটিমেটামে গোরহাঙ্গা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে উন্মুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে সড়ক। এছাড়া আলুপট্টি আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের উপর রাখা নির্মাণ সামগ্রী অপসারণ এবং পিএন স্কুল সংলগ্ন বন্ধ থাকা রাস্তাটি দ্রুত সময়ে যান চলাচল চালু হওয়াতে স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে।
মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা : রাজশাহী মহানগরীর মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। নগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ (পাঁচ) লাখ টাকার অনুদান করা হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন : রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে উজ্জ্বীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ২ মে প্রধানমন্ত্রী কর্তৃক নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ভ্রাম্যমাণ প্রচার গাড়ি, ব্যানার-ফেস্টুন দিয়ে সুসজ্জিত ও ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। নগরীর হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, প্রধান ফটক ও গ্যালারি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। গত ৫ মে ২০২৬ তারিখে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর নামকরণের উদ্বোধন করেন রাসিক প্রশাসক।
হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ : রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় শিশুদের হাম রোগ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ৮০ হাজার জনসচেতনতামূলক লিফলেট বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাসিকের ব্যবস্থাপনায় ২০ এপ্রিল থেকে একযোগে ৪৩৮টি কেন্দ্রে চলছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ইতোমধ্যে টিকাদানে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, অর্জিত হয়েছে শতভাগ সাফল্য।
সবুজায়ন-সৌন্দর্য বৃদ্ধিতে উদ্যোগ : রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। পরিবেশ শাখার কর্মীদের মাধ্যমে নিয়মিত পরিচর্যা, ওয়াটার ট্যাংকার দিয়ে নিয়মিত গাছে পানি প্রদান ও নিবিড় পরিচর্যায় আরো সবুজ হয়ে উঠছে নগরী। নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণ করা হবে।
জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি : আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নাগরিকদের স্বস্তি দিতে আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর জলাবদ্ধতা নিরসনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ১০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হয়েছে। যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেসব এলাকা চিহ্নিত করে চলছে ড্রেন পরিস্কারকরণে ব্যাপক কার্যক্রম। নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সকাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণ করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনসমূহ পরিষ্কার করা হচ্ছে। নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত মাঠে থেকে সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন রাসিক প্রশাসক।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা সুনিশ্চিত ও নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। একাজে আমি নগরববাসীর সহযোগিতা কামনা করছি।-প্রেস বিজ্ঞপ্তি