২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল : ইসি আনোয়ারুল

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ | বিভাগ: lead
ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল : ইসি আনোয়ারুল
বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। নির্বাচনি তফসিল ডিসেম্বরের প্রথম ভাগেই ঘোষণা করা হবে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা আশাবাদী, আপনাদের ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে আনোয়ারুল ইসলাম বলেন, এটি একটি রাজনৈতিক বিষয়। প্রধান উপদেষ্টা এ বিষয়ে এরই মধ্যে বক্তব্য দিয়েছেন। তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তিনি জানান, নির্বাচন পরিকল্পনা বিধিমালা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর আওতায় প্রতীকের তফসিলসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধন নভেম্বর থেকে শুরু হবে এবং কারাবন্দি আসামিরাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশনার সরকার বলেন, প্রবাসী বাংলাদেশি ও কারাবন্দিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু হবে। এই উদ্যোগ দেশে-বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, কমিশন ইতোমধ্যেই মাঠ পর্যায়ে নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি শুরু করেছে। এতে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই মাঠ পর্যায়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। জনগণ যাতে ভোটকেন্দ্রে সহজে পৌঁছাতে পারে এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন