২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় ফিস্ট’র খাবার খেয়ে অসুস্থ হলেন ৮৩ শিক্ষার্থী

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় ফিস্ট’র খাবার খেয়ে অসুস্থ হলেন ৮৩ শিক্ষার্থী
বিজ্ঞাপন

এফএনএস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে হল প্রশাসন দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। বিজয়-২৪ হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে ফেসবুকে জানালে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। হলের ৪২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর মাহমুদ বলেন, আমাদের কক্ষের আমিসহ তিনজনই বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। সকালে গিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ওষুধ নিয়ে এসেছি। বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারও গ্যাস্ট্রিক, কারও ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত। কেন এমন হলো তা খতিয়ে দেখতে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আমি ডিউটিতে ছিলাম না। দায়িত্বরত তিনজন চিকিৎসক রোগী দেখেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। পেটের সমস্যার কারণে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। প্রসঙ্গত, বিজয়-২৪ হলের মোট আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৪৬৪ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন