স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরে ফের করোনার প্রাদুর্ভাব। জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সোমবার (২ জুন) দুপুরে ১৫ জন রোগীর করোনা পরীক্ষা করে ৯ জন রোগীর ফলাফল এসেছে পজেটিভ। অধিকাংশ রোগী হালকা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন বলে জানান কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পরীক্ষা করানো হলে ৯ জনের পজিটিভ রেজাল্ট আসে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরেই করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যাচ্ছে। সোমবার ১৫ জনের পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। খুবই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে তাঁরা আসছেন। এটা বোঝা যাবে না যে করোনা। তবে তাঁদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ভালো হতে একটু সময় লাগছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সম্ভবত সাতজন চিকিৎসক। মাইক্রোবায়োলজির শিক্ষকেরাই এই পরীক্ষা করছেন।
অধ্যক্ষ আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় করোনার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। তবে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক মানুষ, ডায়াবেটিসসহ জটিল সমস্যায় ভোগা মানুষদের ব্যাপারে এটা জটিলতা তৈরি করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক হওয়া দরকার। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান রাখা হচ্ছে না উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, অন্তত ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে এসে নমুনা দিতে হবে। এ জন্য মাস্ক পরে আসতে হবে। এতে সরকারি ফি ১০০ টাকা। দুপুরের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দিন ধরে একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। অনেকে এমন হতে পারে যে পরীক্ষায় পজিটিভ এসেছে, কিন্তু শরীরের অবস্থা ভালো, তাই হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি দরকার মনে করছেন না। ভর্তি থাকা রোগীর চিকিৎসা যথাযথ প্রক্রিয়ায় চলছে। এবিষয়ে ডেপুটি নার্সিং সুপারিটেন্ডেন্ট কামরুন্নাহার জানান, একজন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তিনি ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে, আমরা সেবা দেবার জন্য প্রস্তুত আছি।