৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগের ২ নেতা ৬ জনের মনোনয়ন বাতিল

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩, ৪:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয় সংসদ নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগের ২ নেতা ৬ জনের মনোনয়ন বাতিল
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টি, জাকের পার্টি, এনপিপি ও স্বতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। রবিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এসব মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোটার তালিকায় মৃত ব্যক্তির সাক্ষর থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ভোটার তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সম্পদের বিবরণ না থাকায় জাকের পার্টির মো. মানিক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটার তালিকায় গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী, ঋণখেলাপী থাকায় জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল এবং সম্পদের বিবরণ না দেয়ায় এনটিপির নাহিদ আহমেদের মনোনয়ন বাতিল হয়।

তিনটি আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক ও এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (আ.লীগ), বাংলাদেশ কনগ্রেস আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত আজিজুর রহমানের মনোনয়ন বৈধ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪,৭২,২৮২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,৪১,৮৫৯ জন ও নারী ভোটার ২,৩০,৪২৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মোট ভোটার ৪,৩১,০৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,১৪,৩৫৬ জন ও নারী ভোটার ২,১৬,৭১৫ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪,৪৯,৯৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,২৭,২৬৩ জন ও নারী ভোটার ২,২২,৭০৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন