এফএনএস
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শুক্রবার প্রকাশিত হবে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। এরপর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারবলেন, প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হবে সকাল ৯টায় গণভবনে। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী সংবাদ সস্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় ফলাফল পেয়ে যাবে। মন্ত্রণালয় জানায়, গত ৩০ এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। তবে পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশ নিতে পারেনি। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র এক লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ১২৮ জন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন।
যেভাবে ফল জানা যাবে: অনলাইন এবং মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল একযোগে প্রকাশিত হবে। প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোডের ক্ষেত্রে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। আর www.dhakaeducationboard.gov.bd -তে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়া প্রকাশের পর এসএমএস করেও ফল সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে এসএসসি ও বোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। উদাহরণ: SSC Dha 123456 2023 Send to 16222 । দাখিলের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষরের জায়গায় গধফ এবং কারিগরির ক্ষেত্রে ঞবপ টাইপ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ডাউনলোড করতে হবে।