রাজশাহীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপিত
স্টাফ রিপোর্টার
শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পাবলিক সার্ভিস দিবস উদ্যাপিত হয়। রবিবার (২৩ জুলাই) সকাল পৌনে দশটায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে সকাল দশটায় জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, প্রতিটি দপ্তরে জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এতে করে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিভিন্ন হটলাইন নম্বরের কার্যকারিতা ও ব্যবহারের দিক, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন দপ্তর/সংস্থার কার্যক্রম অনলাইন করার সুবিধাসহ ভূমি উন্নয়ন কর, মিউটেশন, জন্ম/মৃত্যু নিবন্ধন, এনআইডি ইত্যাদি সম্পর্কে তুলে ধরে সরকারের নানামুখী কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঘুষ ও দুর্নীতি হ্রাস হয়েছে বলে জানান। এ সময় তিনি প্রতিটি দপ্তর থেকে বছরে অন্তত একটি কাজ ঠিক করার আহ্বান জানানÑ যাতে আজ থেকে মানুষ উক্ত সেবাটি পেতে কোনো ধরনের হয়রানি না পোহায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও অক্ষমতাজনিত কারণে অবসরগ্রহণকারী আট জন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৪৫ জনকে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম, এসআই সুব্রত কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বন কর্মকর্তা জোনাব আলী, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম।
পুঠিয়া
পুঠিয়া সংবাদদাতা : “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার এক বর্নাঢ্য র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাচোল
নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২৩ জুলাই রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আসাদুর রহমান বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভনী সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম নাজিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার উমিরুল ইসলাম, সাংবাদিক ইমাম হাসান মুক্তি প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
