রাজশাহী সিটি নির্বাচনে ৭০ ভাগ ভোটারকে কেন্দ্রে নিয়ে যাওয়ার টার্গেট আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের। এ জন্য যা যা করা প্রয়োজন তা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সোমবার দুপুরে রাজশাহী মেডেকেল কলেজ অডিটেরিয়ামে নির্বাচন পরিচালনা কমিটির সভা এ নির্দেশনা দেন তিনি। নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সভায় ওয়ার্ড ও কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের লক্ষ্য ৭০ ভাগ ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। সেটা আমরা করতে পারলে সব ক্ষেত্রে সফল হব। যেমন বিএনপিকে মোকাবেলা করা হল, প্রার্থীকেও জয়যুক্ত করা হল। এর পর আমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে পারবো শত ষড়যন্ত্র ছিন্ন করে বিপুল সংখ্যক ভোটার কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছে। তখন আমরা রাজশাহী উন্নয়নে বেশী করে বরাদ্দ চাইতে পারবো। অতএব, বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে হবে।