স্টাফ রিপোর্টার
শনিবার(১৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজশাহী নগরীর উপশহরে রেডিয়েন্ট পাবলিক স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধন করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবীর। উক্ত উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি’র পরিবেশ বিদ্যা ইন্সটিটিউট এর সচিব সুলতার আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, স্যাটেলাইট টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ফয়সাল গার্মেন্টেস এর সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সভাপতি প্রফেসর আব্দুস সামাদ মন্ডল ও পরিচালক রেজাউল করিম প্রামানিকসহ অন্যান্য সুধীজন, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়টিতে প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখা নগরীর রাজপাড়াধীন মোল্লাপাড়া এলাকায়। শিক্ষা সেবার গন্ডিকে আরো বেশি সম্প্রসারিত করার লক্ষ্যে নগরীর উপশহর এলাকায় আরো একটি নতুন শাখার কার্যক্রম চালু হলো। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনাদের প্রতিষ্ঠানকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে যা যা করনীয় আপনারা সবাই মিলে সেই চেষ্টাই করবেন বলে আমি আশা করি। শিক্ষারমান যেনো শিক্ষা ও শিক্ষার্থী কেন্দ্রিক হয় সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা যেনো সাবলীলভাবে শিক্ষা সেবা গ্রহণ করতে পারে সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ পঁচিশ জন শিক্ষার্থী ভর্তির নিয়ম রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সভাপতি প্রফেসর আব্দুস সামাদ মন্ডল বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে সচরাচর পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে না। এখানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা সেবা দেয়া হবে। মোখস্ত বিদ্যা নয়, বুঝে পড়ার বিষয়টির প্রতি বেশি নজর দেয়া হবে। এছাড়াও শুদ্ধ করে মাতৃভাষা বলা ও লেখার প্রতি গুরুত্ব দেওয়া ছাড়াও হাতে কলমে বিজ্ঞান চর্চার বিষয়টিকে আমরা বেশি প্রাধান্য দেবো বলে জানান তিনি।