পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির এমপিরা

Paris
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একাদশ জাতীয় সংসদে থাকা বিএনপির এমপিরা। দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়া এমপিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত শুক্রবার স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদে যাবো না। তিনি আরও বলেন, সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কোনো কথা আওয়ামী লীগ বলেনি। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স। গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, এই জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। আমরা সাতজন এমপি আছি। গত শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে, বিশাল এই জনসমুদ্র সাক্ষী রেখে আমরা এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করতে চাই। রুমিন ফারহানা বলেন, আগামীকাল (আজ রোববার) আমরা সই করা পদত্যাগপত্র জমা দেবো। এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এরইমধ্যে আমাদের পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি। গতকাল শনিবার ছুটির দিন থাকায় আজ রোববার সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris