১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধর্মীয় অনুভূতিতে আঘাত : রাজশাহীর আদালতে এক যুবকের ৭ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ৯:১৫ অপরাহ্ণ | বিভাগ: lead
ধর্মীয় অনুভূতিতে আঘাত : রাজশাহীর আদালতে এক যুবকের ৭ বছর কারাদণ্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজন মোহন্ত নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মোহন্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা কাদেরপাড়া গ্রামের তারাপদ মোহন্তের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বলেন, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবাশরীফের ওপরে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি বসিয়ে ফেসবুকে আপলোড করে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে চরম আঘাত করেন। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে (২০০৬ ও সংশোধনী অধ্যাদেশ ২০১৩ এর ৫৭-১) সুজনে বিরুদ্ধে একটি মামলা হয়। যে মামলায় সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সুজন মোহন্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে। আর জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে সুজনকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন