পুঠিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা-মা ও ভাই আটক
পুঠিয়া সংবাদদাতা
পুঠিয়ায় হোসনে আরা প্রান্তি (২০) নামের এক মেয়েকে হত্যার অভিযোগে বাবা, মা ও ভাইকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, নিহতের বাবা বাবু(৪৫), মা নাসরিন (৪০) ও ভাই নাসিম (১৮)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গন্ডগোহালী গ্রামের জামালগঞ্জ পাড়ার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পুঠিয়া থানা সুত্রে জানা গেছে, গত ৫ মার্চ সকালে বাড়ির পাশের একটি আমগাছে প্রান্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসলে পুলিশ জানতে পারে প্রান্তিকে হত্যার পর আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়, যেন হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালানো যায়। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহারওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিহত প্রান্তির ভাই সবকিছু স্বীকার করেছে। এছাড়াও আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
