১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্বাচনের আগে খালেদা জিয়াকে জেলে পাঠানোর সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ | বিভাগ: lead
নির্বাচনের আগে খালেদা জিয়াকে জেলে পাঠানোর সম্ভাবনা নেই : আইনমন্ত্রী
বিজ্ঞাপন

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তর্বর্তীকালীন মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী জাতীয় নির্বাচনের আগে কারাগারে (জেলে) ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্ত বহাল রেখে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। পঞ্চম দফায় তার মুক্তির মেয়াদ শেষ হয় গত ২৪ সেপ্টেম্বর। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে নতুন নামে দলের নিবন্ধন পেতে জামায়াতে ইসলামি আবেদন করেছে বলে যে গুঞ্জন উঠেছে সে বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখতে চান। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এসময় সাব-রেজিস্ট্রারদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে কোনো হয়রানি না করে দ্রুততম সময়ে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে এবং জাল-জালিয়াতি রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব মানুষ ভোগান্তিহীনভাবে দ্রুত নাগরিক সেবা পাবেন। সমাজ, অর্থনীতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্প, যোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকার আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর, আধুনিক, কর্মদক্ষ ও মেধাসম্পন্ন জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে। ফলে দৈনন্দিন সাধারণ কাজকর্ম থেকে শুরু করে সবক্ষেত্রে নাগরিকরা আজ প্রযুক্তির সহায়তায় সেবাগ্রহণে তৎপর হয়ে উঠেছেন। নতুন প্রজন্ম সহজাত প্রবণতায় শুরু থেকেই সময়োপযোগী টেকনোলজির সঙ্গে পরিচিত হয়ে বেড়ে উঠছে। তিনি বলেন, সেবার ধরন বদলে যাওয়ায় অপেক্ষাকৃত বয়োবৃদ্ধ নাগরিকরাও অনলাইন সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন। দেশের এই অগ্রযাত্রায় রেজিস্ট্রেশন বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না। এ বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদেরও যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে সেবাপ্রার্থী জনগণকে দ্রুত প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। তাদের চিন্তা-চেতনা ও মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে। আনিসুল হক বলেন, জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকার নিবন্ধন অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে সব ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ডিজিটাইজড করতে চায়। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে আমরা ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন পাইলটিং প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছি। এ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে সারা দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২২১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করে সারা দেশে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা সম্ভব হলে কোনো জটিলতা ছাড়াই নির্ভুলতার সঙ্গে হয়রানিমুক্ত পরিবেশে দলিলের দাতা এবং গ্রহীতা রেজিস্ট্রেশন কার্য সম্পাদন করতে পারবেন। ফলে সরকারি রাজস্ব আদায়েও গতিশীলতা বাড়বে। এ ছাড়া সারা দেশের রেকর্ড রুমে রক্ষিত বালাম বই ই-আর্কাইভে সংরক্ষণের ব্যবস্থা করা যাবে। অনলাইন ব্যবস্থায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হলে জনগণ সহজেই নিবন্ধিত দলিলের অনুলিপি তাৎক্ষণিক সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ বহুলাংশে হ্রাস পাবে এবং জাল-জালিয়াতিও উল্লেখযোগ্য হারে কমে যাবে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বক্তৃতা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন