২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সৌদি আরবে ২৪ জন নারী গৃহকর্মী উদ্ধার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সৌদি আরবে ২৪ জন নারী গৃহকর্মী উদ্ধার
বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরআর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস জনায়, একটি সৌদি রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে মর্মে জানতে পেরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রটিং এজেন্সি মেসার্স এস আনোয়ার ওভারসিজের মাধ্যমে ওই নারী কর্মীদের সৌদি আরবে এনে সৌদি নিয়োগ কর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সঙ্গে তাদের সব প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদের কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই ২৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযুক্ত সৌদি রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন