শাহরিয়ারের মৃত্যু নিয়ে বেসামাল রাবি-রামেক-এ সঙ্কট
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যু নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরের বিপরীতে অবস্থান নিয়েছেন। পাল্টাপল্টি দোষারোপও করছেন। এতে করে উত্তরাঞ্চলের অন্যতম দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যেও সৃষ্টি হয়েছে চরম সংকট। রোববার(২৩ অক্টোবর) সকাল থেকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলায় ছাত্রের মৃত্যু, হামলা, হত্যাচেষ্টা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ৯ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবহেলার কারণে আর কোনো শাহরিয়ারকে হারাতে চাই না। আর কোনো ভাইকে আমরা অকালে চলে যেতে দিতে পারি না। কোনো বাবার স্বপ্ন ভেঙে যেতে দিতে পারি না। আপনারা দায়িত্ব অবহেলার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক নাটক সাজান। এদিকে, প্রায় ২৪ ঘন্টা অবরোধ শেষে রবিবার দুপুর আড়াইটার দিকে পুণরায় কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা।
এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে বলে জানায় হাসপাতাল সূত্র।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ঐদিন রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় সহপাঠী মারা গেছেন এমন অভিযোগে হাসপাতাল ভাঙচুর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে, হাসপাতালে ভাঙচুরের অভিযোগে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগও দেন। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় পাল্টা মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। রাজপাড়া থানার তথ্য মতে, অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলার জন্য অভিযোগ করে।
এরপর গত শনিবার বিকেলে শাহরিয়ারের চিকিৎসা অবহেলা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধরে অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালামের নেতৃত্বে একটি টিম ২০ থেকে ২৫ জনকে আসামি করে রাজপাড়া থানায় আরেকটি মামলার অভিযোগ করে। উভয়পক্ষের অভিযোগটি আমলে নিয়ে মামলা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন করার কারনে চিকিৎসার অভাবে দূর্ভোগে পড়েন রোগী ও তার স্বজনরা বলেও অভিযোগ অনেক। আনেক রোগীকে দেখা গেছে চিকিসা সেবা না পেয়ে ফিরে যেতে।
এদিকে, চিকিৎসকদের অবহেলা আর হাসপাতালের নানা অনিয়মের প্রেক্ষিতে রাবি শিক্ষার্থীরা ৯ দফা দাবি তোলেন। দাবিগুলো হলো: শাহরিয়ারের মরদেহের পাশে অবস্থানকালে তার সহপাঠীদের ওপর হামলা এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ইন্টার্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আনসারদের দ্রুত অব্যাহতি দিতে হবে। তাদের প্রত্যেককেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীকে অপসারণ করতে হবে। হাসপাতালের অব্যবস্থাপনা ও জরুরি মুহূর্তে ফর্মালিটিজের নামে সাধারণ মানুষের হয়রানি, চাঁদাবাজি এবং ক্লিনিকগুলোর সঙ্গে যোগসাজশ বন্ধ করতে হবে। হাসপাতালের বিদ্যমান বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে হবে। ডাক্তারদের দোষ ওয়ার্ডবয়ের ওপর, ওয়ার্ডবয়দের দোষ ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সংসদ সদস্য বাদশার বেশামাল, অনাকাক্সিক্ষত বক্তব্য প্রত্যাহার করতে হবে। অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইন্টার্ন চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, রোগী এবং রোগীর অভিভাবকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অভিযোগ জানাতে গেলে অভিভাবকদের ওপর অস্ত্রোপচার সামগ্রী দিয়ে আক্রমণের অভ্যাস পরিহার করতে হবে। সর্বোপরি মানবিক ও আন্তরিক হতে হবে। জরুরি বিভাগে সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। আইসিউ ব্যবস্থা সহজ করতে হবে। অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। এ বিষয়ে নগরীর সচেতন মহল মন্তব্য করতে গিয়ে বলেন, রাবি আর হাসপাতালের মধ্যে বেসামাল পরিস্থিতিতে উভয় সঙ্কটে সংশ্লিষ্টরা।
এমপি বাদশার ধারণা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করে এর পেছনে রাজনীতি দেখছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা। গতকাল রোববার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি একথা জানান। এসময় ওই ছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জোরালো দাবি করেন এমপি বাদশা। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক শিক্ষক -শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই রাজনৈতিক। এসবের পেছনে মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী চক্রের জড়িত থাকার প্রমাণ আছে। রাবি শিক্ষার্থীর মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি হত্যা সেটি নিশ্চিত হতে অবশ্যই ময়নাতদন্তের প্রয়োজন। রামেক হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এমপি বাদশা বলেন, আগামী ২৬ অক্টোবর হাসপাতাল পরিচালনা কমিটির বৈঠক আছে। সেই বৈঠক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হবে। মৃত্যু রহস্য উদঘাটনে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করতে হবে।
বর্ষিয়ান রাজনীতিক ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ নিয়ে রাবি ছাত্রদের বিপক্ষে বলার অভিযোগ এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে তারা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই ভিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ প্রসঙ্গে বাদশা বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ। কিন্তু রাজনৈতিক কারণে রাকসুর ভিপির তালিকা থেকে আমার নাম মুছে দেওয়া হয়েছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছি, সেই ক্যাম্পাসের ছাত্ররা কখনো দুষ্কৃতিকারী হতে পারে না। স্বাধীনতা বিরোধীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। এসময় শিগগির ক্যাম্পাসে গিয়ে সমাবেশ করার কথাও জানান এমপি বাদশা।
