রাবি হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত, হাসপাতালে ভাঙচুর
আরা ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারতলার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ এনে বিক্ষুব্ধরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক তারেক নুর জানান।
নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার (২৬)। তিনি মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাহরিয়ার হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক তারেক নুর জানান, কিভাবে শাহরিয়ার ছাদ থেকে পড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৮টার দিকে শাহরিয়ার ছাদ থেকে পড়ে গেলে সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি করার পর ৮ নম্বর ওয়ার্ডে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, রাবি ছাত্র নিহতের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে বলে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।

তিনি আরও বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালের গেইটসহ ওয়ার্ডে ভাঙচুর চলায়। এ সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক নেতা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে জানান ওসি জাহাঙ্গীর।
