একজন বীর মুক্তিযোদ্ধা প্রার্থী পেয়ে উজ্জীবিত রাজশাহীর ভোটাররা
স্টাফ রিপোর্টার
সারাদেশের সাথে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে রাজশাহীর ভোটারদের মাঝে। আর এর সাথে যোগ হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে রাজনীতির মাঠে পেয়ে। এ কারণে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররা ভোটের মাঠে একজন বীর মুক্তিযোদ্ধা প্রার্থী পেয়ে তারা যেন তাদের হৃদয়ের মানুষকে কাছে পেয়েছেন। তিনি নির্বাচিত হলে রাজশাহী জেলার উন্নয়নের নতুন দ্বার উম্মেচিত হবে বলেও ভোটারদের প্রত্যাশা।
জানা যায়, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত সদস্য ১৭ ও সাধারন সদস্য পদে ৩০ জন লড়ছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি লড়ছেন আরও তিন জন স্বতন্ত্র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বলছেন, কোন পক্ষপাতিত্ব নয়, জেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। নির্বাচনে মোট ভোটার ১১৮৫ জন। তারা রাজশাহী ৯টি উপজেলার ১৮টি কক্ষে ইভিএম এ ভোট দিবেন। ভোটের দিন যেকোনো সহিংসতা এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। মনিটরিং করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
ইতোমধ্যে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা’র কার্যালয় থেকে ভোট গ্রহণের উপকরণ বিতরণ করা হয়েছে। কড়া পুলিশী নিরাপত্তায় ভোট গ্রহণের উপকরণ স্ব-স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে কক্ষে সিসিটিভি ক্যমেরা স্থাপনসহ সবগুলো কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
