ওয়ার্ডের ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ তোলায় রামেকের চার নার্সকে বদলি
স্টাফ রিপোর্টার
ওয়ার্ডের ইনচার্জের বিরুদ্ধে অশোভন আচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) চারজন নার্সিং কর্মকর্তাকে ওই ওয়ার্ড থেকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই চার সিনিয়র স্টাফ নার্সের সবাই রামেকের হৃদরোগ বিভাগের ৩২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। তারা হলেন, জাকিয়া সুলতানা, মোসা. হাসনা হেনা, রুপালী খাতুন এবং মো. ইব্রাহিম। এরমধ্যে তিন নারী নার্স ওই ওয়ার্ডে ১৫ বছর এবং ইব্রাহিম ১০ বছর একটানা দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করার কারণে হৃদরোগীর সেবায় তাঁরা সবাই দক্ষ হয়ে উঠেছিলেন। কিন্তু ওই ওয়ার্ড থেকে তাদেরকে সরিয়ে দেওয়ায় বর্তমানে ওই নার্সিং কর্মকর্তারা হতাশায় পড়েছেন বলে নিশ্চিত করেন। এর আগে, গত ২ অক্টোবর হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে লিখিতভাবে অভিযোগ করেন ওই চার নার্স। অভিযোগ তোলার পর জাকিয়া সুলতানাকে শিশু বিভাগের ২৭ নম্বরে, রুপালিকে ২৬ নম্বর ওয়ার্ডে, হাসনা হেনাকে নাক, কান ও গলা বিভাগের ৩৩ নম্বর ওয়ার্ডে এবং ইব্রাহিমকে জরুরি বিভাগে পাঠানো হয়েছে। কিন্তু তারা প্রত্যেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকেও কার্ডিওলজির ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
রুপালি খাতুন ৩২ নম্বর ওয়ার্ডের ক্যাথ ল্যাবে ছিলেন। ক্যাথ ল্যাবের ওপর তিনি সরকারী খরচে জাপান থেকেও প্রশিক্ষণ নিয়ে এসেছেন। জানা গেছে, ওয়ার্ড ইনচাজ চায়না পারভীনের বিরুদ্ধে পরিচালকের কাছে লিখিত অভিযোগে নার্সরা বলেন, কারণ ছাড়া ওয়ার্ড ইনচার্জ চায়না পারভীন তাদের সাথে অসদাচরণ করেন। এ ব্যাপারে সেবা তত্ত্বাবধায়কের কাছে মৌখিকভাবে অভিযোগ করেও তারা কোন প্রতিকার পাননি। অভিযোগে তারা বলেন, ওয়ার্ডে রোগী প্রতি ইসিজি ফি ৮০ টাকা এবং সার্ভিস চার্জ ৮ টাকাসহ মোট ৮৮ টাকা আদায়ের বিধান। কিন্তু ইনচার্জ ৯০ টাকা আদায়ে নার্সদের বাধ্য করেন। এই অতিরিক্ত দুই টাকা ইনচার্জ চায়না পারভীন রাজস্ব খাতে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। কিন্তু কোন নার্সিং কর্মকর্তা ওই অতিরিক্ত দুই টাকা রোগীকে ফেরত দিতে চাইলে ইনচার্জ চায়না তার সঙ্গে অশোভন আচরণ করেন।
তাঁরা আরও অভিযোগ করেন, ওয়ার্ডের রোগীদের পেসমেকার বসানো হলে কোম্পানির প্রতিনিধি রোগী প্রতি ৫০০ টাকা করে ডিউটিরত নার্সিং কর্মকর্তাদের নাস্তা বাবদ দিয়ে থাকেন। এই টাকা নেন ওয়ার্ড ইনচার্জ। গত দুই বছরে একদিনও ইনচার্জ নার্সদের নাস্তা করাননি। দুই বছরে প্রায় ১৬৮টি পেসমেকার স্থাপন করা হয়েছে। সেই হিসেবে চায়না পারভীন ৮৪ হাজার টাকা আত্মসাত করেছেন। এসব অভিযোগের কোন তদন্তই করা হয়নি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কঠোর নির্দেশনা আছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের সংশ্লিষ্ট ওয়ার্ডেই ডিউটি দিতে হবে। অন্য কোন ওয়ার্ডে সাময়িকভাবেও তাদের দায়িত্ব দেওয়া যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাতুন নূর লাকি বলেন, ‘আমি অসুস্থ থাকায় হাসপাতালে গিয়ে সব জানতে পারিনি। তবে যাঁরা অভিযোগ করেছেন তাঁরা আমার নার্স, অভিযুক্তও আমার নার্স। তাই এ বিষয়টা তদন্ত করা উচিত ছিল। তারপরই একটা ব্যবস্থা হতে পারত। তা না করে অভিযোগকারীদেরই সরিয়ে দেওয়া দুঃখজনক। চার নার্সের তোলা দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত ওয়ার্ড ইনচার্জ চায়না পারভীন। তিনি বলেন, ‘এ বিষয়টা পরিচালক স্যার সমাধান করে দিয়েছেন। আমি কোন কথা বলব না।’ হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুফিয়া খাতুন বলেন, ‘পরিচালকের নির্দেশনায় ওই চার নার্সকে মৌখিকভাবে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কয়দিন পর ঠিক হয়ে যাবে।’ দক্ষ-প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে না সরানোর নির্দেশনা থাকার পরও এই চারজনকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সুফিয়া খাতুন বলেন, ‘অনেক নির্দেশনা আছে, কিন্তু পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নিতে হয়।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী স্বীকার করেন নার্সদের তোলা দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা হয়নি। অভিযোগকারীদেরই সরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ইনচার্জ থাকলে অভিযোগকারী নার্সেরা থাকতে চান না, আবার অভিযোগকারীরা থাকলে ইনচার্জ থাকতে চান না। আমাকে তো ওয়ার্ড চালাতে হবে। তাই এ সিদ্ধান্ত।’
